৭ জুন ২০২৩


নাজিরবাজারে দুই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এ পর্যন্ত ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)। নিহত সবাই নির্মাণ শ্রমিক।

বুধবার ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে পিকআপে (সিলেট-ন ১১-১৬৪৭) করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণ শ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছলে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-০৭৮০) সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ এবং সিলেট ও ওসমানীনগরের ফায়ার সার্ভিস স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, নির্মাণশ্রমিক বহনকারী ডিআই ট্রাকটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী ডিআই ট্রাকটি সড়কের পাশে পড়ে যায় এবং বড় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।

আহত ঠিকাদার শের ইসলাম জানান, তিনি ৩০ জন শ্রমিক নিয়ে ট্রাকে করে কাজে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তার ভাই সাহেদ নুরও রয়েছেন। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে এসে আমাদের ট্রাকে ধাক্কা দিয়েছিল।

শেয়ার করুন