২৩ ফেব্রুয়ারি ২০২৩


গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় : নানান কানাঘুষা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :  গ্রামীণফোনের নেটওয়ার্ক ঠিকঠাক করতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে। এ তথ্য জানিয়েছেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার। তিনি আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ তথ্য জানান।

দেশের তিন জায়গায় গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার বা মাটির নিচের সংযোগকারী তার বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বেলা ১২টার দিক থেকে এই সংযোগ তার বিচ্ছিন্ন হওয়ার কারণে বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।

সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের দুটি জায়গা এবং টাঙ্গাইলের একটি জায়গায় সড়ক উন্নয়নকাজের সময় বুলডোজারে গ্রামীণফোনের ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে এ সমস্যা দেখা দিয়েছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’

দেশের তিন জায়গায় গ্রামীণ অপটিকাল ফাইবার নষ্ট হয়েছে। সেই স্থানগুলো হলো গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে ঢাকার লোটাস কামাল ভবনের মধ্যে থাকা সংযোগকারী তার, সিরাজগঞ্জ শহর ও টাঙ্গাইল শহরের রেলওয়ে এবং টাঙ্গাইলের তার।

এদিকে সিলেটে গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে চলছে নানান কানাঘুষা । গ্রাহকসেবা বিঘ্নিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুর থেকে এই বিভ্রাটের সম্মুখীন হন গ্রাহকেরা।দুপুর থেকে নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে গ্রাহকরা দুশ্চিন্তায় রয়েছেন।কেউ কেউ নেটওয়ার্ক বিভ্রাটের বিষয়টি প্রথমে বুঝতে না পেরে মোবাইল/সিম নষ্ট হয়ে গিয়েছে বলে মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই বিভ্রাটের কথা জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। মানাউবী সিংহ তাঁর ফেসবুক আইডিতে ‘গ্রামীন‌ফো‌নের মোবাইল নেটওয়ার্ক পা‌চ্ছি না’ বলে স্ট্যাটাস দেন।

নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণফোন।সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।’

শেয়ার করুন