২৩ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : অবশেষে সন্ধান মিলল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া পারভীন বেগমের (৩৫) । গত শুক্রবার হাসপাতালটির চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ড থেকে দুই শিশু সন্তানসহ পারভীন বেগম নিখোঁজ হয়েছেন জানিয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
এরই প্রেক্ষিতে তাদের খুঁজ পেতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র গণমাধ্যম শাখা থেকে রোববার (২২ অক্টোবর) এক বিবৃতি দেওয়া হয়।
বিবৃতির একদিন পর জানা গেল, শিশু সন্তানসহ ওই নারী তাদের বাড়িতে চলে গিয়েছিলেন । সোমবার (২৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছে পুলিশ।
সিলেটের কোতোয়ালি থানার এসআই খন্দকার জাফর ইমাম বলেন, দুই শিশু সন্তানসহ ওই নারীকে রোববারই পাওয়া গেছে। তিনি তাদের বাড়িতে চলে গিয়েছিলেন।
জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (৪০) গত ১৪ অক্টোবর তার কিডনি রোগে আক্রান্ত ছেলে ইমাদ আহমদ (৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তিকৃত শিশু ইমাদের সাথে মা মোছা. পারভীন বেগম এবং বোন সাদিয়া আক্তার (৪ মাস) হাসপাতালে অবস্থান করছিলেন।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাদের রেখে ঔষধ কিনতে হাসপাতালের বাইরে যান আব্দুর রহিম। একঘণ্টা পর আব্দুর রহিম ওয়ার্ডে ফিরে স্ত্রী ও দুই সন্তানকে খুঁজে পাননি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার স্ত্রী সন্তাদের কোন সন্ধান না পেয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
এএস // আতারা