২ ফেব্রুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী বলেছেন,সুনামগঞ্জ-২ আসনের মানুষ জিয়া পরিবারের সাথে থাকবে । খালেদা জিয়াকে সাজা দিলে দিরাই-শাল্লাবাসী মেনে নেবে না। আওয়ামীলীগ দেশকে সংকটের দিকে নিয়ে গেছে,অনেক অনেক পিছিয়ে দিয়েছে । সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে ।
মাহবুব চৌধুরী বলেন, দিরাই-শাল্লার ১৩টি ইউনিয়নের ৩৪০টি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে । বিশ্বমানের শিক্ষা-চিকিৎসা,বিদ্যুৎ-গ্যাস দিয়ে আলোকিত করা হবে জনপদ ।
তিনি বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন ।
আব্দুল হামিদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো: নূরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,মো: নূর আলী,আব্দুল করিম,সাইদুর রহমান,মো: আলাউদ্দিন,মো: আবুল কাসেম,আরজুল গনি,আব্দুল কুদ্দুছ,আব্দুল হাসিম,সাইজুর মিয়া,নাইম প্রমুখ ।
মাহবুব চৌধুরী আরো বলেন,বর্তমান সরকার উন্নয়নের নামে দলবাজি,টেন্ডারবাজিতে ব্যস্ত । দুর্নিতী,গুম-খুন,হামলা-মামলা,লুটপাটে সব রেকর্ড ভঙ্গ করেছে এই সরকার । সিলেটে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরকে একদলীয় নির্বাচনী মহড়া উল্লেখ করে তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ।
(আজকের সিলেট/২ ফেব্রুয়ারি/ডি/প্রেবি/এসটি/ঘ.)