২৪ ডিসেম্বর ২০২১
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে পারিবারিক বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী। নিহত ব্যক্তির নাম ফারিয়াব আখঞ্জি। তিনি সুখচর গ্রামের মুন্না আখঞ্জীর ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সুখচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফারিয়াবের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার আপন চাচা আব্দুল খালেদ আখঞ্জীর বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফারিয়াবের স্ত্রীকে মারপিট করেন আব্দুল খালেদ। এনিয়ে ঝগড়া হলে আব্দুল খালেদ তার ভাতিজা ফারিয়াবের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে আহত ফারিয়াবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল হাসান খান জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। আব্দুল খালেদকে গ্রেফতারের চেষ্টা চলছে।