১২ অক্টোবর ২০২১


মৌলভীবাজারে মাইক্রোবাস চাপায় যুবক নিহত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে মাইক্রোবাস চাপায় মো. রাজ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত শাব্বির খান (২৪) নামে এক যুবককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাজ মৌলভীবাজার সদর উপজেলার জগতসী উতাইয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি তার খালার বাড়ি রাজনগর উপজেলার শালন গ্রামে বেড়াতে এসেছিলেন। আহত শাব্বির রাজনগর উপজেলার শালন গ্রামের লেচু খানের ছেলে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত কদমহাটা উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ মারা যান। আহত অবস্থায় শাব্বিরকে হাসপাতালে ভর্তি করা হয়।

শাব্বিরের আত্মীয় নুরুল ইসলাম জানান, রাজ তার খালাতো ভাই শাব্বিরকে নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন