২৮ জানুয়ারি ২০১৮


নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-মার্কুলী আঞ্চলিক সড়কের মাধবপুরে বাসের ধাক্কায় রাকিব আলী (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রাকিব আলী উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুক্তাহার উদ্দিনের ছেলে।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের রবি বেগম (৩০), অটোরিকশা চালক রুমেল মিয়া (৩২), চুনু মিয়া (৭০) ও জামাল উদ্দিন (৫২)। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা চারজন যাত্রী নিয়ে নবীগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার সব যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় রাকিব আলীর মৃত্যু হয়।

নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(আজকের সিলেট/২৮ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন