২২ অক্টোবর ২০২২


গোয়াইনঘাটের চার ইউনিয়নে চলছে জমজমাট প্রচারণা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নে ভোট ২ নভেম্বর। চারটি ইউনিয়নের মধ্যে ২নং পশ্চিম জাফলং, ৩নং পূর্ব জাফলং, ও নবগঠিত ১১নং মধ্য জাফলং এবং ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

ইতিমধ্যে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি, বাসা-বাড়ি, চায়ের দোকান, গাছপালা ও বিভিন্ন স্থাপনায়। প্রার্থীরা দল বেঁধে প্রচার প্রচারনায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তারা অটোরিক্সা, ইজিবাইক ও রিক্সায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমনকি স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতালের নিকট মাইকের প্রচার করে প্রার্থীদের যোগ্যতা ও আদর্শের কথা বলছেন। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসইসবুকেও নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন সমর্থকরা। সবার আশা ভোট যুদ্ধে জিততেই হবে। তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোন প্রার্থীকেই নিরাশ করছেন না।

নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ানসহ ইউনিয়নের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

২নং পশ্চিম জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম (নৌকা), তার সাথে নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা আব্দুল মুমিন মুন্সী (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন পারভেজ (আনারস), জমিয়ত উলামায়ে ইসলামের মুফতি আমির আহমদ খেজুর গাছ, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক (ঘোড়া) প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ ইউনিয়নে আলোচনায় রয়েছেন নৌকার প্রার্থী নৌকার প্রার্থী আব্দুস সালাম, বিএনপি নেতা স্বতন্ত্র মুন্সি আব্দুল মুমিন ও আওয়ামী লীগের বিদ্রোগী মামুন পারভেজ।

৩নং পূর্ব জাফলং ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা), বর্তমান চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু (ঘোড়া), সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভ‚ইয়া বাবুল (আনারস), সাবেক ছাত্রনেতা শামীম আল মামুন মনির (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ আক্কাস আলী শেখ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুতালিব (চশমা) প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে এখানে চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন, বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান হামিদুল হক ভ‚ইয়া বাবুল ও আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম।

১১নং মধ্য জাফলং ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ফারুক আহমদ (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী লোকমান হোসেন শিকদার (আনারস), বিএনপি নেতা সাইদুর রহমান (ঘোড়া) প্রতীক নিয়ে মাঠে প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।

এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী লোকমান হোসেন, বিএনপি নেতা সাইদুর রহমান ও ফারুক আহমদের মধ্যে মূল লড়াই দেখা যাবে।

১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী গোলাম রব্বানী সুমন (আনারস), স্বতন্ত্র কামাল উদ্দিন (ঘোড়া), স্বতন্ত্র সাবেক চেয়ারম্যান এমএ রহিম (অটোরকিশা), জমিয়ত উলামায়ে ইসলামের মাওলানা আবুল খায়ের (খেজুর গাছ) প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এই ইউনিয়নে চেয়ারম্যান হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী সুভাস চন্দ্র পাল ছানা, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এমএ রহিম।

শেয়ার করুন