৪ অক্টোবর ২০২০


কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) সদস্যরা। গ্রেফতারকৃত রাকিবুল হোসেন নিজু (১৮) দাড়িয়াপাড়ার মেঘনা ১৪/বি বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজারের আব্দুল কাইয়ুমের ছেলে।

শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-৯’র মিডিয়া উইং কর্মকর্তা উবাইন রাখাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজুকে গ্রেফতারের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

র্যাব’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ওই কিশোরী নগরের খাসদবির এলাকার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শুক্রবার রাতেই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা (নং-৩(১০)২০২০) দায়ের করেছেন।

মামলা দায়েরের পর পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (ওসিসি) হাসপাতালে ভর্তি করেছে।

মামলার বরাত দিয়ে র্যাব জানায়, ২৯ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে মায়ের অজান্তে ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাকিবুল হোসেন নিজু। পরদিন ৩০ সেপ্টেম্বর মায়ের কাছে ফিরে কিশোরী ধর্ষণের ঘটনা জানালে তার মা কোতোয়ালি থানা নিজুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। অভিযুক্ত নিজু স্বেচ্ছাসেবক লীগ নেতা পিষুষ কান্তি দে গ্রুপের ছাত্রলীগ কর্মী। কিছুদিন আগেও সে আরেকটি মামলায় কারাবরণ করে জামিনে বেরিয়ে আসে।

এদিকে, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক নারীকে ছাত্রলীগের ছয় নেতাকর্মী গণধর্ষণ করে। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ওই দম্পতিকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। পরে ধর্ষণের শিকার নারীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সিলেটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন