১০ অক্টোবর ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই পক্ষ থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদেও দুইজন প্রার্থী রয়েছেন। ফলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর উপনির্বাচনে অংশ নেন সাবেক সচিব এম এ মান্নান। তখন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি। পরে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এম এ মান্নান সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় থেকে মনোনয়নবঞ্চিত সামাদের ছেলে আজিজুস সামাদ নিজের বলয় তৈরী করে করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
২০১৪ সালে আবার আওয়ামী লীগের মনোনয়ন পান এম এ মান্নান। এ সময় আজিজুস সামাদ বিদ্রোহী প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই নেতার নেতৃত্বে নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। এর পর থেকে সব স্থানীয় নির্বাচন দুই বলয়ের প্রার্থী থাকতে দেখা যায়। যার ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। তিনি স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত। অপরজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমেদ মুক্তা। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদের আশীর্বাদপুষ্ট হিসেবে পরিচিত।
ভাইস চেয়ারম্যান পদে মান্নান বলয়ের উপজেলা যুবলীগের সহসভাপতি সালেহ আহমেদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর প্রার্থী হয়েছেন।
উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর ও ভোট গ্রহণ ২ নভেম্বর হবে।