১১ সেপ্টেম্বর ২০২২


বানিয়াচংয়ে দুই সাংবাদিকের উপর ভূমিদস্যুদের হামলা

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অ্যাসাইনমেন্ট এডিটর রাজীব নূর ও হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার তৌহিদ মিয়া। তারা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রোববার বিকেল ৩টার দিকে বানিয়াচং উপজেলা সদরের রূপরাজখার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রাজীব নূর জানান, বানিয়াচংয়ের ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি দখল নিয়ে তিনি তথ্য সংগ্রহ করতে ওই এলাকায় যান। এ সময় দখলদার ওয়াহিদ মিয়া লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি মুছে ফেলে দিয়েছে হামলাকারীরা। আমার আঘাত খুব মারাত্মক নয়। তবে মারাত্মক হতে পারত। ইট নিয়ে আমার সঙ্গীর ওপর হামলা করা হয়েছে। একটুর জন্য রক্ষা পেয়েছে সে। আমরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় মামলা করতে যাবো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী জানান, রাজিব নূরের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ প্রেস ক্লাবে রাতে প্রতিবাদ সভার আহ্বান করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন