২০ জুলাই ২০২২


মমতাকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ শেখ হাসিনার

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়ে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ জুলাই প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হলেও সেটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে মঙ্গলবার।

ওই চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতাজি বলে সম্মোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে মমতাকে তিনি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

চলুন তবে দেখে আসি মমতাকে পাঠানো চিঠিতে কী লিখেছেন শেখ হাসিনা-

প্রিয় মমতাজী, আপনার পত্রের জন্য ধন্যবাদ। আপনার আন্তরিকতা ও হৃদ্যতা আমাকে আপ্লুত করেছে। বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গের জনগণের সাথে অনুরূপ একাত্মতা অনুভব করে।

আপনি ইতোমধ্যে জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে। এই সেতু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবণার নতুন দ্বার উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।

সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। সেপ্টেম্বর ২০২২-এ আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সাথে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই।

আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। এরপর শেখ হাসিনা নিজ হাতে মমতার উদ্দেশ্যে লিখেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন। দুই বাংলার দুই নেত্রীর মধ্যে যে ব্যক্তিগত সখ্যতা ও আন্তরিক সম্পর্ক রয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চিঠিতে ফুটে উঠেছে।

দুই বছর আগে বাংলাদেশ-ভারত গোলাপি টেস্ট উপলক্ষে ইডেন গার্ডেন স্টেডিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে আলাদা করে বৈঠক করেন বিশ্বের অন্যতম সাহসী দুই নেত্রী।

মাসখানেক আগে মমতাকে রাজশাহীর এক ঝুড়ি সুস্বাদু হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা। প্রাপ্তি স্বীকার করে প্রধানমন্ত্রীকে সে সময় একটি আন্তরিক চিঠি দিয়েছিলেন মমতা। সেই চিঠিরই জবাব পাঠিয়ে মমতাকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানিয়েছেন বঙ্গবন্ধু-কন্যা।

শেয়ার করুন