২ আগস্ট ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে লোডশেডিং আর অতিরিক্ত বিল বন্ধের দাবিতে বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুদ্ধ জনতা।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নে অসংখ্য লোকজন মোটরসাইকেল ও অটোরিকশাযোগে রাজনগর উপজেলা সদরে লোডশেডিং আর অতিরিক্ত বিল বন্ধের দাবিতে মিছিল করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে বিক্ষুদ্ধ জনতা। প্রায় ২০ মিনিট ঘেরাও করে রাখেন তারা। পরে বিক্ষোভকারীরা ২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে চলে যায়। এসময় দায়িত্বশীল কোনো কর্মকর্তা অফিসে ছিলেন না।
রেজান আহমদ নামে এক ব্যক্তি বলেন, এলাকায় ভয়াবহ লোডশেডিং হচ্ছে। রাত-দিন মিলে ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে। এতে আমাদের ছেলে-মেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। অতিষ্ঠ গরমে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। আর সহ্য হচ্ছে না লোডশেডিং ।
তোফায়েল নামে এজন বলেন, একদিকে লোডশেডিং আর অন্য দিকে অতিরিক্ত বিল, দুটি আমাদের জন্য যন্ত্রণাদায়ক।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে জি এম এমদাদুল হককে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।