১৪ জুলাই ২০২২


ছাতকে কলাগাছ কাটা নিয়ে দ্বন্দে একজনের মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রতিপক্ষের হামলায় সফিক মিয়া (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার কালারুকা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বৃহস্পতিবার সকালে কালারুকা ইউনিয়নের কালারুকা পূর্বপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ির একটি কলাগাছ কাটা নিয়ে সফিক মিয়ার ভাতিজা রাসেল মিয়ার স্ত্রীর ঝগড়া হয় একই বাড়ির খালেদ মিয়া ও তার স্ত্রীর সাথে। এর জের ধরে সফিক মিয়ার উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে।

হামলায় গুরুতর আহত সফিক মিয়াকে (৫০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম জানান, বাড়িতে কলাগাছ কাটা নিয়ে একই বাড়ির মহিলাদের ঝগড়াঝাটিকে কেন্দ্র করে হামলার ঘটনায় মারা গেছেন সফিক মিয়া।

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে খালেদ মিয়ার স্ত্রী সেনুমালা বেগমকে আটক করা হয়েছে।

শেয়ার করুন