১১ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : ঈদের দ্বিতীয় দিনেও নগরীর বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, ঈদের দিন ছাড়াও এরপরের দুদিন পশু কোরবানি করার সুযোগ রয়েছে। সেই কারণে অনেকে ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি করছেন। তবে ঈদের দিনের তুলনায় তা অনেক কম।
সোমবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লা কোরবানি করতে দেখা গেছে।
নগরীর অনেকে পারিবারিক ঐতিহ্য রক্ষায় আজও কোরবানি দিচ্ছেন। কেউ আবার ব্যবসা, কাজের চাপ বা কসাইয়ের অভাবে ঈদের দিন পশু জবাই দিতে পারেননি, তারা আজ কোরবানি দিচ্ছেন।
নগরীর ব্যবসায়ী আরমান খান ঈদের দ্বিতীয় দিন পশু কোরবানি দিচ্ছেন। তিনি জানান, প্রতি বছর আমরা তিনটি গরু কোরবানি দেই। একটি ঈদের দিন, আজ একটা এবং আগামীকালও আরেকটা কোরবানি করবো। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন।
উল্লেখ্য, রোববার ঈদের প্রথমদিন ঈদ উদযাপন করেন সিলেটের ভানবাসি মানুষ।