১০ জুলাই ২০২২
ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ, খুশির বারতা। ঈদ আনন্দের দিন, খুশির দিন, উৎসবের দিন। ঈদের গুরুত্ব আমাদের কাছে যেমন ধর্মীয় তেমনি সামাজিক। বছরান্তে বার বার আমাদের কাছে আনন্দের উৎসব হিসাবে ঈদ আসে।
ঈদ আনন্দের আর উৎসবের বলেই তা পুরনো হয় না। প্রতি বছরই ঈদ আসে নতুনের মত। মহা ধুমধামে পালিত হবে কোরবানীর ঈদ হিসেবে পরিচিত বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল আযহা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা ঈদ উৎসবে মিলিত হই সকল ভেদাভেদ ভুলে। চাওয়া পাওয়ার হিসাব না মিলিয়ে আমরা এক কাতারে সামিল হই। ঈদ আমাদের কাছে প্রতি বছর নতুন প্রেরণা নিয়ে উপস্থিত হয়। যে প্রেরণা আমাদের আন্দোলিত করে, উদ্ভাসিত করে। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ে ঈদগাহ ময়দানে জমায়েত এবং নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ভ্রাতৃত্ব ও সাম্যের বন্ধন গড়ে ওঠে।
ইসলামের মুল বাণীই হচ্ছে সাম্য ও ভ্রাতৃত্ববোধ। পবিত্র ঈদ-উল-আযহার মূল লক্ষ্য আল্লাহ’র সন্তুষ্টি লাভের জন্যে হালাল পশু কুরবানী। সাধ্য মতো মুসলিম নারী পুরুষ পশু কুরবানী করেন।
সিলেট অঞ্চলে এখন চলছে শতাব্দীর ভয়াবহ বন্যা। অনেক মানুষ এখনো পানিবন্ধি, অনেক মানুষ এখনো বন্যা আশ্রয় কেন্দ্রে আছে। বন্যার পানিত ভেসে গেছে বানবাসী মানুষদের ঈদ আনন্দ। সবকিছু মিলিয়ে সিলেটবাসী মনে এবার ঈদের আনন্দ নেই।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজকের সিলেট ডটকম এর সকল পাঠক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীদের, সবাইকে জানাই পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।
আসুন এই ঈদে আমরা বানবাসি মানুষদের পাশে দাঁড়াই, বনের পশুর সাথে মনের পশুকেও কুরবানী করি। ঈদ মোবারক।