২৮ ডিসেম্বর ২০২১


যাদুকাটার বালুমহালের সীমানা নির্ধারণ

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তনদী যাদুকাটার বালু মহাল (এক) দীর্ঘদিন প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকার পর পুনরায় ইজারদারকে সীমানা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম সরেজমিন এসে সার্ভেয়ারের মাধ্যমে ইজারাদারকে নদীর তীরে লাল নিশানা টাঙিয়ে সীমানা নির্ধারণ করে দেন।

সীমানা নির্ধারণ সমস্যার ব্যাপারে ইজারাদার ও সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ জানান, ইজারা পাওয়ার পর একমাস কাজ করেছি। এরপর পর করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আবার বালুমহাল বন্ধ হয়ে যায়। পরে আমাদেরকে বিজিবি বালু উত্তোলনে বাধা দেয়। এরপর আবার আমরা আদালতের দ্বারস্থ হই৷ সুনামগঞ্জ বিজিবি’র সিওকে আদালতের মাধ্যমে উকিল নোটিশ পাঠাই। এরপরও নানানভাবে আমাদের শ্রমিকদের বালু উত্তোলনে বাধা প্রদান করতে থাকে। পরে আমরা আবার প্রশাসনকে জানাই। সীমানা জটিলতায় কয়েক মাস যাবত আমরা বালু উত্তোলন করতে না পারায় লোকসানের মধ্যে ছিলাম। আমরা সরকারের সকল নিয়ম মেমে খাজনা প্রদান করে ইজারা নিয়েছি। এখন আমাদেরকে আদালত পৃথক দুটি রায় দিয়েছেন ৯০ একর সীমানা পর্যন্ত বালু উত্তোলনের অনুমতি প্রদান করে। এই জন্য আমরা প্রশাসনের কাছে বলেছি আমাদের সীমানা দ্রুত নির্ধারণ করে দেওয়ার জন্য। যাতে করে বালু উত্তোলনে বিজিবি ঝামেলা করতে পারে না। আজকে আমাদেরকে বালু উত্তোলনের সীমানা নির্ধারণ করে দিয়েছেন জেলা প্রশাসক মহোদয়।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এসেছি এখানে ইজারাদারেরও স্বার্থ দেখতে এবং সরকারের স্বার্থও রক্ষা করতে পারি। যাতে সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ভাল মন নিয়ে এসেছি যাতে সবার স্বার্থ রক্ষা হয় বিজিবি’র সিও এ ব্যাপারে আন্তরিক। আমরা ভাল সমাধান চাই এ জন্যই সরজমিনে সীমান্ত দেখতে আসছি। আমরা সরকারের স্বার্থ রক্ষা করে সীমানা নির্ধারণ করে দিয়েছি।

তিনি আরও বলেন, এখানে নদীতে চর পড়ে ভরাট হয়ে গেছে কিন্তু আমাদের নদী খনন করার মত লোকবলও নেই। এখন ইজারাদাররা যদি কিছু বালু অপসারণ করেন তাহলে কিছুটা কাজ হবে। আমি নদী নিয়মিত খননের পক্ষে। যদি নিয়মিত নদী খনন করা হয় তা হলে এই পানি গিয়ে সুরমা নদীতে পড়বে এতে করে হাওরে আর পানি যাবে না। ফসলেরও ক্ষতি হবে না। এখানে সরকারি সকল নিয়ম মেনে ইজারা প্রদান করা হয়েছে। সীমানা জটিলতায় ইজারাদাররা ঠিকমত তারা ভোগ দখল করতে পারে নাই।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি জিয়াউল হক, ইজারাদার মো. আজাদ মিয়া, কাজী ফরহাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন