৭ জুলাই ২০২২


বানিয়াচংয়ে পিকআপভ্যান চাপায় প্রাণ গেল প্রবাসীর

শেয়ার করুন

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পশু খাদ্য বোঝাই পিকআপভ্যানের চাপায় মানিক মিয়া (৪৮) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত মানিক মিয়া উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কুয়েত প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি দেশে আসেন।

বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলার ওলিয়ারভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুইটি পিকআপভ্যান আড়াআড়িভাবে যাওয়ায় তিনি চাপা পড়েন বলে জানায় পুলিশ। পরে পিকআপভ্যানের চালককে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মানিক মিয়া হবিগঞ্জ-বানিয়াচং সড়ক দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে সুটকি নদীর দিকে যাচ্ছিলেন। পরে ওলিয়ারভাঙ্গা এলাকায় পৌঁছালে পশু খাদ্য নিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপভ্যানটি নিয়ে চালক কাউছার মিয়া পালিয়ে যান। পরে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা পুলিশ মিলে তাকে আটক করে। তিনি চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, দুইটি পিকআপভ্যান আড়াআড়িভাবে সড়ক দিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে। চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন