৫ জুলাই ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে বেড়েছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০২ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৬৬ জন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৬০ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬২ হাজার ৩১৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৪৪৬ জন। এছাড়াও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৯৪৩ জন।
মঙ্গলবার সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে ইতালিতে, ৩৬ হাজার ২৮২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ৯৭ জন মারা গেছেন ফ্রান্সে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ২৪ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ৩১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৩২১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৫২ লাখ ৮৬ হাজার ১০১ জন।
এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ৮৪ জন, রাশিয়ায় ৪৩ জন, অস্ট্রেলিয়ায় ২৬ জন, মেক্সিকোতে ১৩ জন, পেরু ও চিলিতে ২৮ জন করে এবং তাইওয়ানে ৬৯ জন মারা গেছেন।
এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৭৪ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।