২ জুলাই ২০২২


‘থাকমু কই? চিন্তায় ভালা লাগে না’

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : টাঙ্গুয়ার হাওর তীরবর্তী উজ্জ্বলপুর গ্রামের হতদরিদ্র আব্দুর নূর মিয়া বন্যার পানিতে ঘরবাড়ি হারিয়ে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে অন্যের বাড়ির বারান্দায় রাত্রি যাপন করেন।

অসহায় আব্দুর নুর (৫৫) বলেন, বন্যায় থাকার ঘর ভাইঙ্গা পালাইছে, থাকমু কই, খাইমু কি, চিন্তায় ভালা লাগে না, দিনের বেলায় ঘুরে ফিরে চাইয়া তাকি, কেউ কোনতা লইয়া আয়নি, রাইত অইলে পুলা-পুরি লইয়া অন্যের বারিন্দায় ঘুমাই, আমরার মত মানুষরে কেউ দেখতে আয় না। আসলে কিতা কইতাম ? আমরা গরীব। গরীব হইয়া জন্ম নেয়া’ আজন্মের পাপ, আমরার দুক্ক, কষ্ট উপরের বেডাইনে ফুনে না। কয় দিন ধইরা চেয়ারম্যান মেম্বারদের দ্বারো যাই, তারারে পাইনা। আমারে এখনো কেউ কুনতা দিছেনা, ধারদেনা করে ভেঙে যাওয়া চাপটা ঘরটা করছিলাম,এটাও বন্যার জলে ভাসিয়ে নিলো। খাইয়া না খাইয়া ঘরটাত থাকতা পারতাম, কিন্তু পুলা পুরি লইয়া এখন কই যাইমু?

বন্যায় ক্ষতিগ্রস্ত আব্দুর নূর মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উজ্জলপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি ৪ সন্তানের জনক। বড় সন্তানের বয়স ১০বছর, ছোট সন্তানের বয়স ৬ বছর। পরিবারের আয় ব্যয় সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। বার্ধক্য ছুঁই ছুঁই, সব কাজে যেতে পারেন না। শরীরে যা সহনশীল, তা তিনি করতে পারেন। এতে যা আয় হয়,তা দিয়ে খেয়ে না খেয়ে চলে সংসার। বসত ভিটা ছাড়া আর কোন সম্পদও নেই তার। আব্দুর নুর মিয়ার আকুতি, প্রধানমন্ত্রীর কাছে, সন্তানদের দিকে চেয়ে তিনি যেনো একটা ঘরের ব্যবস্থা করে দেন।

উজ্জলপুর গ্রামের যুবক আব্দুর রহিম বলেন, যার দু-বেলা খাওয়া- দাওয়া কষ্টকর। এমন ব্যক্তি কেমন করে বাধঁবে ঘর? বর্তমান আওয়ামী লীগ সরকার থাকতে কেন? আব্দুর নূররা ঘুমাবে অন্যের বারান্দায়? আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি, আপনারা সরজমিন এসে পুনর্বাসনের তালিকা তৈরি করুন। নূরদের ভোগান্তির দূর করে দিন।
এ ব্যাপারে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার জানান, আব্দুর নুর এর ভেঙে যাওয়া ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নাম পাঠানো হবে।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো : রায়হান কবিব বলেন, পুনর্বাসনের তালিকা তৈরির কাজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে চলছে । এতে আমরা আব্দুর নুর মিয়ার নাম অন্তর্ভুক্ত করবো।

শেয়ার করুন