১ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর শাহপরান (র.) এর মাজার এলাকায় পিকনিক বাসের ধাক্কায় ঘটনাস্থলে নুর মিয়া (৬০) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। তিনি খাদিমপাড়া ইউনিয়নের বাওল টিলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শাহপরান এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম এন্টারপ্রাইজ নামে একটি বাস জাফলং থেকে সিলেট আসার পথে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এই ঘটনার পর রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।