১৪ জুন ২০২২


কমলগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত ও মা-মেয়ে আহত হয়েছেন। নিহত গোবিন্দ দেব মাঝি (১৯) মৃত গবিন্দ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের বিজয় দেব মাঝির ছেলে ও সুজা মেমোরিয়াল কলেজের দ্বাদশ শেণীর শিক্ষার্থী। আহতরা হলেন আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আছলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৫০) ও তার মেয়ে মুনতা বেগম (২০)। গুরুতর জখম অবস্থায় তাদেরকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৃথকস্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, নিহত তরুণ মৃর্তিঙ্গা চা বাগানের শ্রমিক বিজয় মাঝির ছেলে গোবিন্দ মাঝি (২০) বিকালে ধানি জমি কুড়তে(কোদাল দিয়ে মাটি কোড়তে) যায়। এসময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ধানি জমিতেই মারা যায়।

স্থানীয় হীরা লাল রাজভর জানান, বিকেল ৪ টার দিকে বৃষ্টিতে ভিজে মৃর্তিঙ্গা চা বাগানের মোকামটিলা এলাকায় কৃষি জমিতে কাজ করছিল গোবিন্দ দেব মাঝি (১৯) ও তার বড় ভাই নৃপেন দেব মাঝি (২৮)। হঠাৎ বজ্রাঘাতে গোবিন্দ দেব ঘটনাস্থলেই মারা যায়। এসময় বড় ভাই নৃপেন কিছুটা আহত হলেও তা গুরুতর ছিলনা।

এদিকে, একই সময়ে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের আছলম মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৫০) ও মেয়ে মুনতা বেগম(২০) বাড়ির কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তারা দু’জনই মারাত্মক আহত হন। আহতাবস্থায় প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এম এ জি ওসমানি মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন