১৩ জুন ২০২২


শান্তিগঞ্জে হাওরে ইটবোঝাই নৌকাডুবিতে শ্রমিক নিহত

শেয়ার করুন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে ইটবোঝাই নৌকা ডুবে ঝন্টু দাস (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন। নিহত ঝান্টু দাস সিচনী (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা। তিনি দিনমজুরের কাজ করতেন। আহতরা হলেন- একই গ্রামের আবিদ আলীর ছেলে ইসরাইল (২০), তৈইমুছ আলীর ছেলে নুর আলীম (২০), মৃত হরমন দাসের ছেলে হরিধন দাস (৫৫) ও মৃত নবদ্বীপ দাসের ছেলে পিন্টু দাস (৪০)।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টায় সিচনী গোলাম রব্বানীর ভাটা থেকে ঝন্টু দাসসহ কয়েকজন শ্রমিক নৌকায় ইটবোঝাই করে সলফ গ্রামে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা দেন। দুপুর সাড়ে ১২টায় হাওরে প্রচণ্ড ঝড় শুরু হলে নৌকাটি সালদিঘা হাওরে ডুবে যায়। এ সময় ঝন্টু দাস পানির নিচে তলিয়ে গেলেও সঙ্গে থাকা পিন্টু দাস, হরিদন দাস, নুর আলীম ও ইসরাইল আলী পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আশ্রয় নেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে ডুবে যাওয়া ঝন্টু দাসের মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন