১৪ জুলাই ২০২১


তিনটি পশুর হাটের অনুমতি পেল সিসিক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেবোনা দেবোনা, বা মিলবেনা মিলবেনা করতে করতে অবশেষে দেয়া হয়েছে বা মিলেছে। কোরবানির অস্থায়ী পশুর হাটের অনুমতি। শেষ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনে তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। সিসিক’র নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এবার মহামারী করোনায় সিলেটের অবস্থা ক্রমশঃ বেসামালের দিকে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এতদিন ‘এবার অস্থায়ী পশুর হাটের অনুমতি দেয়া না ও হতে পারে’ ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল বেশ জোরেশোরে। এমনকি সিলেট সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্রগুলোও তা নিশ্চিত করছিল।

মঙ্গলবার রাতেও জানানো হয়েছিল মোগলাবাজারের পারাইরচক ট্রাক টার্মিনাল ছাড়া আর কোন পশুর হাটের অনুমতি দেয়া হয়নি।

তবে সিসিককে বলা হয়েছিল, পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বিকল্প প্রস্তাব দিতে। শেষ পর্যন্ত তারা নগরীর কালাপাথর এলাকায় একটা পশুর হাটের প্রস্তাব দিয়েছে এবং তা অনুমোদনও হয়েছে।

এদিকে মন্ত্রনালয়ের দেয়া শর্ত পূরণ না হওয়ার কথা জানিয়ে মঙ্গলবার রাতে নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠে অস্থায়ী পশুর হাটের প্রস্তাব প্রশাসন বাতিল করে দিলেও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা শর্তপূরণ করে ফেলেছে! মানে কয়েদির মাঠেও পশুর হাটে প্রশাসনের অনুমতি মিলেছে।

এ নিয়ে সিলেট মহানগর এলাকায় মোট তিনটি অস্থায়ী পশুর হাটের অনুমতি পাওয়া গেল। অবশ্য তারা মোট প্রস্তাব দিয়েছিলেন ৮টির। সেগুলো হচ্ছে টিলাগড়, চৌকিদেখী, আম্বরখানা হাউজিং সোসাইটি মাঠ, মদিনা মার্কেট, রিকাবিবাজার, ঝালোপাড়া, মাছিমপুরের কয়েদির মাঠ ও পারাইরচক। তাদের বিকল্প প্রস্তাব কালাপাথর মাঠ।

শেয়ার করুন