১১ জুন ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় ট্রেনটির আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বিমানবন্দর সংলগ্ন এলাকায় পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১টায় ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় আসলে সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনের পাওয়ার কারসহ তিনটি বগি পুড়ে গেছে। এর মধ্যে একটি এসি বগি রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক বলেন, শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাওয়ার পর শমসেরনগর বিমানবন্দর এলাকা অতিক্রমের সময় হঠাৎ করে পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শমসেরনগর স্টেশন মাস্টার জামাল উদ্দিন বলেন, দুপুরে পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাছি স্থানে ট্রেনের পাওয়া কারে আগুন লাগে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
মৌলভীভাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। রেল লাইনের ওপর পাঁচটি বগি পড়ে আছে। এর মধ্যে তিনটি পুড়ে গেছে। খুলনা থেকে রিলিফ ট্রেন আসছে। লাইনের পর থেকে বগিগুলো সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ পাশা হারুন বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার বগির ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।