১১ ফেব্রুয়ারি ২০২১


কানাইঘাট আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি :
জমে উঠেছে কানাইঘাট পৌরসভার নির্বাচনী প্রচারণা। ঘুমহীন সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নাওয়া-খাওয়া ছেড়ে বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সবাই। যেন দম ফেলার ফুরসত নেই কারো। রোববার এ পৌরসভায় নির্বাচন অনুষ্টিত হবে।

এবারের পৌরসভা নির্বচিনে দলের বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী। অন্যদিকে দলে বিদ্রোহী প্রার্থী না থাকায় সুবিধাজনক অবস্থানে বিএনপি সমর্থিত প্রার্থীরা। শেষ সময়ে নিজেদের বাক্সে ভোট টানতে নানা ছক কষছেন প্রার্থীরা। ভোট সুষ্ঠ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সবপ্রার্থীই।

এবার কানাইঘাট পৌরসভায় মেয়র পদে লড়ছেন ছয়জন। নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন লুৎফুর রহমান ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে পৌর সভাপতি শরিফুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে বর্তমান মেয়র নিজাম উদ্দিন ও জগ প্রতীকে সুহেল আহমদ মাঠে রয়েছেন। এছাড়া মেয়র পদে লড়ছেন হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা নজির আহমদ ও মোবাইল ফোন প্রতীকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্বতন্ত্র প্রর্থী কাওছার আহমদ।

কানাইঘাটের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে মূল লড়াই হতে পারে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী লুৎফুর রহমান ও নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী নিজাম উদ্দিনের মধ্যে। তাছাড় দলের আরেক বিদ্রোহী প্রার্তী জগ প্রতীকে সুহেল আহমদকেও অবহেলা করার কারণ নেই বলে মনে করছেন ভোটাররা। সেটি হলে এ পৌরসভায় নৌকার ভরাডুবির আশংকা রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জকিগঞ্জ ও গোলাপগঞ্জ পৌরসভায় নৌক প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। এমনকি প্রাপ্ত ভোটের হিসেবে বিদ্রোহীদের ধারে কাছেও যেতে পারেননি দলের সমর্থিত প্রর্থীরা। দুটি পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীরা জামানত হারিয়েছেন।

এবার কানাইঘাটেও একই দশা। আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে উঠেছেন দলের বিদ্রোহী বর্তমান মেয়র নিজাম উদ্দিন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নিজাম উদ্দিনের আলাদা একটি ভোটব্যাংক রয়েছে। ফলে এ পৌরসভায় ও নৌকাকে জেতানো কষ্ট হবে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন বলেন, ‘আগেরবার মনোনয়ন চেয়েও পাইনি। আমি স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছি। এবারও দল আমাকে মনোনয়ন দেয়নি। কিন্তু জনগণ আমাকে চাইছে। তাই এবার প্রার্থী হয়েছি। আশা করছি জনগণ এবারও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান বলেন, ‘উন্নয়নের ধারা বজায় রাখতে মানুষ নৌকা প্রতীকে ভোট দেবেন। নির্বাচিত হলে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

বিএনপির প্রার্থী শরিফুল হক বলেন, ‘আমি এবার প্রথম প্রার্থী হয়েছি। জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে ধানের শীষের বিজয় নিশ্চিত। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী।’

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কানাইঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৯ হাজার ৪২৭ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ৯ হাজার ৮৮০ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ৫৪৭ জন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সংরক্ষিতসহ মোট ৪২ প্রার্থী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা।

শেয়ার করুন