২ জুন ২০২২
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জের জগন্নাথপুর সুনামগঞ্জ সড়কের ভমভমি বাজারের বেইলী ব্রীজ ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ব্রীজের বিভিন্ন স্থানে কিছুদিন পরপর ভাঙ্গন ধরলে ষ্টীলে ঝালাই দিয়ে কোন রকম কাজ চালিয়ে নেয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে ব্রীজের মধ্যখান থেকে ষ্টীলের তৈরী বগির ঝালাই ছুটে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ভমভমি ব্রীজটি ভেঙ্গে যাওয়ার পর সড়ক ও জনপথের পক্ষ থেকে একটি ষ্টিলের বেইলী ব্রীজ নির্মাণ করা হয়- যান চলাচলের সুবিধার্থে। নির্মাণের শুরু থেকেই কোনমতে জোড়াতালি দিয়ে লক্কর ঝক্কর করে ব্রীজটি চালিয়ে দেয়া হয়েছিল।
এলাকাবাসী অনেকেই জানান, ব্রীজটি ভেঙ্গে গিয়ে যান চলাচল বন্ধ থাকায় দিনব্যাপী সাধারণ যাত্রীগণ চরম ভোগান্তিতে পড়েছেন।
ভমভমি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিপন জানান, এই ব্রীজটি প্রতি বছর দুই তিন বার ভেঙ্গে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। টেকসইভাবে কাজ করলে এ ধরনের সমস্যা হত না।
সুনামগঞ্জ জেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, ব্রীজের কিছু জায়গায় ভাঙ্গার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা স্থান মেরামত করে দিয়েছি।