২১ মে ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ফলে আগামী ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
রোববার দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, মানববন্ধনে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য দাবি জানালেও প্রশাসন আমলে নেয়নি। পরে শ্রমিকরা মিলে দাবি আদায়ের লক্ষ্যে ৩ মে অনির্দিষ্টকালের ককর্মবিরতির সিদ্ধান্ত নেই। পুলিশের অনুরোধে এসএসির পরীক্ষার্থীর কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যহার করি। কিন্তু পুলিশ প্রশাসন তাদের কথা রাখেনি। তাই ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া।