৩০ জানুয়ারি ২০২১


সিলেটে তিন পৌরসভায় চলছে ভোট উৎসব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, তিন পৌরসভায় তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। মোতায়েন করা হয়েছে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আড়াই হাজার সদস্য। এ তিন পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ১৪৮ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। ৩ পৌরসভার মোট ভোটার ৭৮ হাজার ৭০৭ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও মৌলভীবাজার পৌর নির্বাচনে মেয়র পদে ১৪ জন, কাউন্সিলর পদে ১০৫ জন ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী লড়ছেন। ৩ পৌরসভার মোট ভোটার ৭৮ হাজার ৭০৭ জন। পুরুষ ভোটার ৪০ হাজার ৪৪৭ জন ও ৩৮ হাজার ২৬০ জন হলেন মহিলা ভোটার। মোট ভোটকেন্দ্র ৩৬টি ও ভোটকক্ষ ২১৭টি। ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসার ৩৬ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ২১৭ জন ও ৪৩৪ জন হলেন পোলিং অফিসার।

সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে ৪ প্রার্থী লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ (নৌকা), বিএনপির প্রার্থী ও দলের উপজেলা কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও দলের পৌর সভাপতি বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল (জগ) এবং দলের নেতা, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)।

কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত আসনে লড়ছেন ১০ নারী প্রার্থী। গোলাপগঞ্জ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৯১৬ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৬৯৪ জন ও মহিলা ভোটার হলেন ১১ হাজার ২২২ জন। ভোটকেন্দ্র ৯টি ও ভোট কক্ষ রয়েছে ৫৯টি।
সীমান্তবর্তী জকিগঞ্জ পৌরসভার মেয়র পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন (নৌকা), বিএনপির প্রার্থী সাবেক মেয়র ইকবাল আহমদ তাপাদার (ধানের শীষ), জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মালেক ফারুক (লাঙ্গল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ (জগ) ও আব্দুল আহাদ (নারিকেল গাছ), বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন হীরা (চামচ), আল-ইসলাহের প্রার্থী হিফজুর রহমান (মোবাইল ফোন) ও স্বতন্ত্র প্রার্থী জাফরুল ইসলাম (হ্যাঙ্গার)।

জকিগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত আসনে ৯ জন নারী প্রার্থী লড়ছেন। জকিগঞ্জ পৌরসভার মোট ভোটার ১২ হাজার ৩৪৫ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৩ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৩৪২ জন। মোট ভোটকেন্দ্র ৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ৩৩টি।

মৌলভীবাজার পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র ফজলুর রহমান নৌকা প্রতীকে এবং বিএনপি প্রার্থী মোঃ অলিউর রহমান ধানের শীষ প্রতীকে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। বিগত পৌর নির্বাচনে এই দু’জনকেই প্রার্থী দিয়েছিল প্রধান দুই দল। বিএনপি প্রার্থীকে হারিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফজলুর রহমান জয়ী হন। তবে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী অলিউর বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

মৌলভীবাজার পৌরসভার মোট ভোটার ৪৩ হাজার ৪৪৬ জন। পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার হলেন ২০ হাজার ৬৯৬ জন। কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে লড়ছেন ১০ নারী। মৌলভীবাজার পৌরসভার মোট ভোটকেন্দ্র ১৮টি ও ভোটকক্ষ ১২৫ টি।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ-জকিগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকেই নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলে জানান তিনি।

শেয়ার করুন