২৫ ডিসেম্বর ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগে ঝুঁকিপূর্ণ ২০পাথর কোয়ারি বন্ধ করে দিয়েছে পুলিশ। একই সাথে অবৈধভাবে বোমা মেশিনে পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি বোমা মেশিনও ধ্বংস করে দেওয়া হয়েছে।
রোববার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব কোয়ারি বন্ধ ও বোমা মেশিন ধ্বংস করা হয়। অভিযানের এক পর্যায়ে কালাইরাগসহ ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় বসানো অবৈধ কয়েকটি বাঁশকল বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সফিকুর রহমান খাঁন।
অভিযান শেষে ওসি জানান, টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও একটি মহল কালাইরাগে ঝুঁকিপূর্ণ অবস্থায় গর্ত করে বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করছিল। কিছুদিন আগে ২জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। কিন্তু, তাতেও থেমে নেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পাথর উত্তোলন। এ অবস্থায় সেখানে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ কোয়ারীগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
(আজকের সিলেট/২৫ ডিসেম্বর/ডি/এমকে/ঘ.)