১২ নভেম্বর ২০২১
জুড়ি (মৌলভীবাজার) প্রতিনিধি : দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ১টিতে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। ৪টিতেই নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। এখানে ২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে জানা গেছে, উপজেলার সাগরনাল ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুন নূর বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত পেয়েছেন ৫ হাজার ২২৭ ভোট।
পূর্বজুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল ইসলাম রুহেল ঘোড়া প্রতীকে ৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালেহ উদ্দিন আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৮ ভোট। এই ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল কাদির তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট।
পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনফর আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীকান্ত দাস নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৩৮ ভোট।
জায়ফরনগর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মাসুম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৪৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১০ ভোট। এই ইউনিয়নে নৌকার প্রার্থী জায়েদ আনোয়ার চৌধুরী তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৭১ ভোট।
গোয়ালবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী আব্দুল কাইয়ুম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহাব উদ্দিন লেমন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫০৩ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গত, উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।