১৭ মে ২০২২


ওষুধ বলে ‘বিষ’ খাইয়ে নববধূকে হত্যা!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলায় মারধরের পর অসুস্থ স্ত্রীকে ওষুধ বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত নববধূ লনি বেগম (২৪) সদর উপজেলার এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার বাজারতল গ্রামের প্রয়াত আতাব খানের মেয়ে।

সোমবার সকালে এরপর ১৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় স্বামীর মারধর ও ওষুধ বলে বিষ খাওয়ানোর অভিযোগে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। মামলায়র পর নববধূর স্বামী জামাল উদ্দিন (৪২) বর্তমানে কারাগারে রয়েছেন।

জানা গেছে, নববধূর স্বামী জামাল উদ্দিন সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের প্রয়াত টিকই মিয়ার ছেলে। গত শুক্রবার রাতে জামালকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানাপুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠান আদালত।

নিহত লনির ভাই অ্যাডভোকেট ইমাম উদ্দিন খান জানান, গত ২ এপ্রিল জামাল উদ্দিনের সঙ্গে পরিবারিকভাবে লনির বিয়ে হয়। বিয়ের সময় লনির বাবার বাড়ি থেকে কোনো ফার্নিচার দেওয়া হয়নি। কথা ছিল ঈদের পর দেওয়া হবে। কিন্তু রমজানের মাঝে জামাল ফার্নিচার নয়, নগদ ৩ লাখ টাকা বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য লনিকে চাপ দিতে থাকেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।

তিনি জানান, ঈদের পরপরই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে যেতে লনিকে গত ২৭ রমজান রাতে ফের চাপ দিতে থাকেন জামাল। এতে লনি অসম্মতি জানালে স্ত্রীকে বেধড়ক মারধর করেন তিনি। এক পর্যায়ে লনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে ওষুধ খাওয়ানোর কথা বলে বিষ দেন জামাল। সেই থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন লনি। বিষয়টি ঈদের দিন জানতে পারেন তার বাবার বাড়ির লোকজন। ওইদিনই লনিকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন তারা। শারীরিক অবস্থার অবনতি হলে লনিকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে দুইদিন থাকার পর সোমবার লনি মারা যান।

এদিকে, লনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে এয়ারপোর্ট থানায় তার বড় ভাই নিজাম উদ্দিন খান বাদী হয়ে জামালকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেন। পরে ওই রাতেই জামালকে গ্রেফতার করে পুলিশ।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, অসুস্থ অবস্থায় পুলিশের কাছে লনি বেগম জবানবন্দি দিয়েছেন। এতে তিনি অভিযোগ করেছেন, তার স্বামী জামাল তাকে মারধর ও বিষ প্রয়োগ করেছে। লনির মৃত্যুর আগেই মামলা রুজু হয়েছে, এই মামলায় স্বামী জামাল উদ্দিন কারাগারে আছেন। বিষ প্রয়োগের বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন