১৩ মে ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। মৃত্যুর সময় প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বয়স ছিল ৭৩ বছর। বার্তা সংস্থা ওয়ামের বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
শুক্রবার তিনি পরলোকগমন করেছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।
ওয়ামের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আমিরাতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্ববাসীকে সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়।
আমিরাতের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুতে শুক্রবার থেকে আগামী ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
টুইটারে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, ফেডারেল ও স্থানীয় পর্যায়ে সংস্থাগুলো আগামী তিনদিন বন্ধ থাকবে। এ ছাড়া সরকারি সংস্থা ও বেসরকারি সেক্টরে মন্ত্রণালয়গুলোও আগামী তিনদিন শোক পালনে বন্ধ রাখা হবে।
শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন জায়েদ আল নাহিয়ান।