১ মে ২০২২
নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী ড. আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। এখানে প্রিয় নেতাকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্টজন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্থরের মানুষ শহীদ মিনারে জড়ো হয়েছেন।
রোববার দুপুর ১২টায় নগরের ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা থেকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর ২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে তাঁর নামাজে জানাজা শেষে নগরীর রায়নগর পারিবারিক কবরস্থানে নেওয়া হবে। সেখানে তার বাবা প্রয়াত অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে মুহিতের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সিলেটের পথে রওয়ানা হয়ে রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরের হাফিজ কমপ্লেক্সে এসে পৌঁছায়। সেখানে মরদেহ গ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন দেশের সাবেক ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শনিবার সকাল ১১টায় ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১৪ মার্চ সর্বশেষ সিলেটে এসেছিলেন।