১৪ নভেম্বর ২০২২
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন বলে স্থানীয় সূত্রে শোনা যাচ্ছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তবে সংঘর্ষে নয়, বরং ‘স্ট্রোকে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পর আবার সম্মলন শুরু হয়।
পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়।
এসময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে একজনের মৃত্যু খবর সম্পর্কে পুলিশ বলছে, সংঘর্ষে নয়, স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।