২৯ এপ্রিল ২০২২
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিয়ানীবাজার থেকে ফিরে : বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন ১৫ জুন। কিন্তু পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ মে। আসন্ন নির্বাচনে আবারো ক্ষমতাশীন দল আওয়ামীলীগ থেকে আবারো মেয়র পদে লড়বেন বর্তমান মেয়র মো. আব্দুস শুকুর। এই পর্যন্ত যত প্রার্থীদের নাম শুনা যাচ্ছে তাদের সকলের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বর্তমান মেয়র।
জানা যায়, তফসিল ঘোষনার পরপরই সক্রিয় হয় উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। এতোদিন সম্ভাব্য হিসেবে প্রচারণা চালালেও এবার নিজেদের প্রকাশ্যে আনছেন তারা। পৌর মেয়রের চেয়ারে বসতে দেশি-বিদেশী অন্তত ডজনখানেক প্রার্থী রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী-সমর্থকদের দিয়ে ছবি ভাইরাল করাচ্ছেন। তবে অংকের হিসেব অনুযায়ী ক্ষমতাসীন দলের প্রার্থী সংখ্যাই বেশি। সবার একটাই প্রত্যাশা দলীয় প্রতীক নৌকা।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভা গঠনের পর এনিয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে কমিশন। এরআগে ২০০১ সালের ৩০ এপ্রিল বিয়ানীবাজার পৌরসভা গঠন হলেও মামলা জটিলতায় নির্বাচন বিহীন প্রশাসক দিয়ে কেটে গেছে টানা ১৬ বছর। পৌরসভা গঠনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু আদালতের রায়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান তফজ্জুল হোসেন প্রশাসকের দায়িত্ব পেয়ে কাটিয়ে দেন দীর্ঘ ১৬ বছর। এই সময়ে পৌর এলাকার মানুষ ভোট বঞ্চিত হয়েছেন বার বার। এরপর নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের তৎপরতায় ১৬ পর আদালতের রায়ে ভোটাধিকার ফিরে পান পৌরবাসী।
২০১৭ সালের ২৫ এপ্রিল প্রথম বারের মতো এই পৌরসভায় ভোটের আয়োজন করা হয়। অবশেষে ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে নিয়ে বিজয়ী হন মো. আব্দুস শুকুর। তিনি পৌরসভার প্রথম মেয়র।
সংশ্লিষ্ট সূত্রমতে, আসন্ন নির্বচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুরে বিপরীতে প্রার্থী হতে চান- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলার সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুস টিটু, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফারুকুল হক, কানাডা প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা আহবাব হোসেন সাজু, সাবেক পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আসতে পারেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, সিপিবর উপজেলা সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম ও প্রভাষক আব্দুস সামাদ আজাদ।
পৌরসভার একাধিক ওয়ার্ডের ভোটারদের সাথে কথা বলে জানা যায়, বর্তমান মেয়রের সময়কালে পৌরবাসী সব দিক থেকেই সুখে ও শান্তিতে রয়েছেন। মেয়র জনগনের যেকোন প্রয়োজনে নিজের জীবন বাজি রেখে ঝাপিয়ে পড়েন। এমনকি রাস্তায় গাড়ি আটকে পড়লে তিনি নিজেই বাঁশ কাটা শুরু করেন। তাই বিয়ানীবাজারবাসীর জন্য বর্তমান মেয়রের বিকল্প নেই।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৭ মে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। এরপর ১৫ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।