২৬ এপ্রিল ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ফসল বাঁধ ভেঙে ‘হালির হাওরের’ ফসল তলিয়ে গেছে। ভাঙন ঠেকাতে সবরকম চেষ্টা করেও কোনো সুফল মিললো না।
সোমবার মধ্যরাতে উপজেলার বেহেলী ইউনিয়নের আহসানপুর এলাকার হেরাকান্দি গ্রামে নদীর পানির চাপে ঝুঁকিতে থাকা বাঁধটি ভেঙে হালির হাওরে পানি প্রবেশ করে।
তখন ওই ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত শামন্ত সরকার ফেইসবুক লাইভে এসে জানান, আমাদের হালির হাওর রক্ষা করা সম্ভব হলো না, আমাদের সকল চেষ্টা বিফলে গেল।
হেরাকান্দি গ্রামের বাঁধ ভেঙে হালির হাওর পানিতে তলিয়ে যাচ্ছে। লাইভে তিনি আশেপাশে যারা আছেন তাদের সবাইকে দ্রুত বাঁধটি রক্ষা করতে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।
বিষয়টি নিয়ে জানতে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবকে একাধিবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।