২৩ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : কোলন টিউমারের নিয়মিত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। তিনদিন হাসপাতালে কাটানোর পর শুক্রবার চিকিৎসকদের পরামর্শে বাড়ি ফিরেন তিনি। টিউমার ছাড়াও মূত্রনালীর সংক্রমণ ও হিপ সমস্যায় ভুগছেন পেলে।
এর আগে, মঙ্গলবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ ফুটবল কিংবদন্তি। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সী পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো ও স্থিতিশীল আছে।
গত বছরের সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যা দেখা দেয়ায় নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হয়েছিলো পেলেকে। সেখানেই তার বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছে তার।
গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি হন পেলে। এরপর তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসা শেষে গত ২৬ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি।
ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন সময়ে খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার।
ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করা পেলে এখনো দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।