২০ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির বেশ কয়েকজন রাজনৈতিক ও সামরিক ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র পশ্চিমারা। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) ও কাতেরিনা তিখোনোভার (৩৫) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। একইসঙ্গে ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।
বুধবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে যুক্তরাষ্ট্র ও জাপান তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেন রুশ বাহিনীর অভিযানের জেরেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কানাডা।
এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গভীর যোগাযোগ রেখেছে কানাডা। পাশাপাশি ইউক্রেনের কী প্রয়োজন এ বিষয়ে তৎপর রয়েছে। প্রতিশ্রুতির বিষয়ে সামনে আরো বিস্তারিত জানাবো। ইউক্রেনীয়রা বীরের মতো লড়াই করেছে।’
চলমান যুদ্ধে ইউক্রেনের জন্য সম্প্রতি অস্ত্র এবং অন্যান্য সহায়তাও পাঠিয়েছে কানাডা সরকার। যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটি।