১৯ ডিসেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে তার নিজ অফিসে পিটিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন। এনিয়ে নগর ভবনজুড়ে তোলপাড় চলছে। সিটি কর্পোরেশনের ভিক্ষোব্ধ কর্মচারীরা কাউন্সিলর শামীমাকে অবরোদ্ধ করে তার শাস্তি ও অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমসিম খাচ্ছেন নগরপিতা্।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগর ভবনে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে কাউন্সিলর শামীমা স্বাধীন নগর ভবনে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের কক্ষে যান। তিনি তার ওয়ার্ডে একটি উন্নয়ন কাজ করে দিতে বলেন নুর আজিজকে। এসময় নুর আজিজ কাউন্সিলর শামীমা স্বাধীনকে বলেন, ‘এ কাজ করার এখতিয়ার নেই আমার। মেয়র যদি বলেন, তবে আমি কাজ করে দেব।’
তখন শামীমা স্বাধীন কথা কাটাকাটি শুরু করেন নুর আজিজের সাথে। একপর্যায়ে তাকে চড় থাপ্পড় মারেন কাউন্সিলর শামীমা। এ খবর নগর ভবনে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে কাউন্সিলর শামীমা স্বাধীনকে নগর ভবনের ৩০৪নং কক্ষে অবরুদ্ধ করে রেখে বাইরে বিক্ষোভ করতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে তারা কক্ষের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে থাকা কাউন্সিলররা তাদের নিবৃত্ত করেন।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। মেয়র ঘটনাটি আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে মীমাংসা করার আশ্বাস দেন। মেয়রের আশ্বাসে কর্মকর্তা-কর্মচারীরারা রাজি হলেও তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কক্ষের ভেতর অবরুদ্ধ রয়েছেন কাউন্সিলর শামীমা স্বাধীন।
এমন পরিস্থিতিতে মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলরদের নিয়ে জরুরী সভা করেছেন। সভায় প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার এ চিঠি প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
বৈঠক শেষে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে নগর ভবনের নিচে এসে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেয়র আরিফ।
এসময় মেয়র আরিফ বলেন, যে ঘটনা ঘটেছে, তার জন্য আমি দুঃখিত। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনকে বরখাস্ত করতে আগামীকাল বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হবে।
(আজকের সিলেট/১৯ ডিসেম্বর/ডি/এসটি/ঘ.)