১৭ ডিসেম্বর ২০২৩


সিলেটে ভোটের মাঠে টিকে রইলেন ৩৪ জন প্রার্থী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: যাচাই-বাছাই, বাতিল, আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া ও প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে চূড়ান্ত লড়াই করতে যাচ্ছেন ৩৪ জন। এর মধ্যে জাতীয় পার্টির সাথে আসন সমঝোতার কারণে দুটি আসনে ছাড় দেয়ার গুঞ্জণ থাকলেও শেষ পর্যন্ত ৬ টিতেই আওয়ামী লীগের দলীয় প্রার্থী বহাল রয়েছে।

সিলেটে প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীরা হলেন, সিলেট-১ এ রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর ইউসুফ আহমদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাছিত।

সিলেট-২ এ গণফোরামের নির্বাহী সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান, আওয়ামী লীগের প্রার্থী ও জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন ও বাংলাদেশ কংগ্রেসের মো. জহির। এই আসনে তৃণমূল বিএনপির দুজন প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান খান ও মোহাম্মদ আব্দুর রব। তবে এ দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে থাকবেন তা প্রতীক বরাদ্দের পর জানা যাবে।

সিলেট-৩ এর ৬ জন প্রার্থীরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও দলীয় প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য হাবিবুবর রহামন, স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি মণ্ডলির সদস্য মোহাম্মদ আতিকুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান (মাসুম) ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম।

সিলেট-৪ এর প্রার্থী ৩ জন। সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন, ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন।

সিলেট-৫ আসনের প্রার্থী ৭ জন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও দলের প্রার্থী মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলির সদস্য আহমদ আল কবির, বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. খায়রুল ইসলাম, তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার, বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম ও জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ।

সিলেট-৬ আসনে প্রার্থী ৬ জন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান।

উল্লেখ্য, ৩০ নভেম্বর ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। বাছাই হয় ১-৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি অনুষ্ঠিত হয় ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহার শেষে সিলেটে ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন ৩৬ জন।

প্রার্থীদের মধ্যে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ভোটের প্রচারণা চালাতে পারবেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

শেয়ার করুন