১৬ এপ্রিল ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল বাছিত (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আব্দুল বাছিত উপজেলার টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
শুক্রবার গভীর রাত ১টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাছিতদের বাড়ির কাঁচা রাস্তা দিয়ে একই বাড়ির তার চাচাতো ভাইয়েরা ট্রলি গাড়ি দিয়ে কাঠ নিয়ে আসেন। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু মুরুব্বিদের নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার রাতে গাড়ি ঢুকানো নিয়ে বাছিত ও চাচাতো ভাই সুমনের মাঝে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে বাছিতের বুকে ছুরিকাঘাত করেন সুমন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বাছিতকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে। আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায়।মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।