৫ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্র হিসেবে লেবাননকে দেউলিয়া ঘোষণা করে স্থানীয় টিভি চ্যানেল আল-জাদিদকে দেয়া সাক্ষাৎকারে দেশটির উপ-প্রধানমন্ত্রী সাদেহ আল-সামি বলেছেন, বাঙ্কে দু লিবান (লেবাননের কেন্দ্রীয় ব্যাংক) সঙ্গে এই রাষ্ট্রটিও দেউলিয়া হয়ে গেছে। আর ক্ষতি যেহেতু হয়েই গেছে, আমরা এখন জনগণের ক্ষতির মাত্রা কমাতে চাই।
স্থানীয় সময় সোমবার তিনি এ ঘোষণা দেন।
উপ-প্রধানমন্ত্রী বলেন, লোকসানের পরিমাণ রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক ও আমানতকারীদের মধ্যে ভাগ করে দেয়া হবে। তবে এ বণ্টন কত শতাংশ হারে হবে তা নির্ধারণ করা হয়নি। ক্ষতির এই ভাগাভাগি নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই।
আল-সামি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ‘উপেক্ষা করার মতো নয়’। তাই ব্যাংক থেকে অর্থ উত্তোলনের ব্যবস্থা সবার জন্য অবারিত থাকতে পারে না। আশা করি, সবকিছুই একদিন স্বাভাবিক হবে।
আনাদুলু অ্যাজেন্সি জানিয়েছে, ২০১৯ সালের নভেম্বর থেকেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে লেবানন। যার মধ্যে ছিলো মুদ্রার চরম অবমূল্যায়ন এবং জ্বালানি ও চিকিৎসা ঘাটতি। লেবাননের মুদ্রা প্রায় ৯০ শতাংশ দাম হারিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ বেঁচে থাকার মতো খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো প্রয়োজন পূরণ করতে পারছিলো না।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে লেবাননে বৈদেশিক মুদ্রায় নগদ উত্তোলন কঠোরভাবে সীমিত করা হয়েছে।