২০ নভেম্বর ২০২৩
সিলেট মহানগর। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের বায়ু সবচেয়ে ভাল। আর সবচেয়ে খারাপ অবস্থানে আছে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা। পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বায়ুর মান মনিটরিংয়ের জন্য ঢাকা, আগারগাঁও, ফার্মগেট বিএআরসি, দারুসসালাম, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রামের আগ্রাবাদ, সিলেট, কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, রাজশাহী, বরিশাল, খুলনাতে মোট ১৬টি কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম (সিএএমএস) স্থাপন করা হয়েছে।
এসব সিএএমএস থেকে প্রাপ্ত তথ্যে আজ সোমবার সকাল ৯টায় বায়ুর মান সবচেয়ে ভালো ছিল সিলেটে। সিলেটের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৬। আর সবচেয়ে খারাপ বায়ুর মান ছিল ঢাকার দারুসসালামে। দারুসসালামের একিউআই স্কোর ১৮৮।
অন্যদিকে ১৭৩ একিউআই স্কোর নিয়ে দারুসসালামের পর খারাপ অবস্থানে আছে সাভার। ঢাকা ও গাজীপুরের একিউআই স্কোর ১৬৭, আগারগাঁও ১৫৬, ফার্মগেট বিএআরসি ১৫৬, নারায়ণগঞ্জ ১১৭, ময়মনসিংহ ১৬১, চট্টগ্রামের আগ্রাবাদ ৯৩, কুমিল্লা ৯২, রংপুর ১৬৪, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র ১৫৫, রাজশাহী ১৫৮, বরিশাল ১৫৩ এবং খুলনা ১৫৫।
আরও পড়ুন : ‘ভালো নেই’ জৈন্তা-গোয়াইনঘাটের শ্রমজীবীরা
পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জিয়াউল হক বলেন, এখন থেকে খুব সহজেই ওয়েবসাইট থেকে বায়ুর মান জানা যাবে। ওয়েবসাইটে প্রতি ঘণ্টায় ঘণ্টায় এই তথ্য হালনাগাদ হবে। আপাতত ১৬টি সিএএমএস কেন্দ্র থাকলেও দ্রুত এই সংখ্যা বাড়ানো হবে।
ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোর বায়ুমান পরিবীক্ষণের লক্ষ্যে রোববার (১৯ নভেম্বর) সচিবালয়ে এক সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন : গৃহবধূকে গণধর্ষণের পর ভিডিও ধারণ, লাখ টাকা চাঁদা দাবি
উল্লেখ্য,সাধারণত ০ থেকে ৫০ একিউআই স্কোর বায়ুর মান ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এএস // আতারা