১২ এপ্রিল ২০২২


ইফতার একসাথে ‘মালিক-কর্মচারী’

শেয়ার করুন

আতিকুর রহমান নগরী (অতিথি প্রতিবেদক) : রমজান আত্মশুদ্ধির মাস। ধনী-গরীব, মালিক-কর্মচারীকে একসঙ্গে বসে খাবার গ্রহণের সুযোগ করে দেয় এই মাহে রমজান। সিলেটে দুই বছর পর এবার দোকানে দোকানে ইফতার করার সুযোগ হয়েছে মালিক-কর্মচারীদের। রহমতের দশক শেষের দিকে। শপিংমল, মার্কেটগুলোতে ব্যস্ততা বাড়তে শুরু হয়েছে। তাই এখন আর দোকান বন্ধ করে বাসায় গিয়ে ইফতার করার সুযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা।

রমজান ছাড়া সারাবছর দুপুরের খাবার গ্রহণের জন্য দোকান মালিকরা কর্মচারীদের হোটেল-রেস্তোরায় খাবার গ্রহণের জন্য আলাদা ব্যবস্থা করলেও রোজা মাসে একসাথে ইফতার সারতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।

বন্দরবাজারের করিমউল্লাহ মার্কেটে গিয়ে দেখা যায়, দোকানের ফ্লোরে বসে মালিক-কর্মচারী একসাথে ইফতার গ্রহণের জন্য অপেক্ষা করছেন। থানকাপড়ের দোকান নিবরাসের পরিচালক মাওলানা এ এস এম আরিফ হোসাইন নিজ দোকানের ম্যানেজার, কর্মচারীদের সাথে নিয়ে পাশের দোকান পাদুকালয়ের ফ্লোরে বসেছেন ইফতার গ্রহণ করতে। ইফতারে দাওয়াত করেছেন পাদুকালয়ের সেলসম্যান এমদাদসহ আরও একজনকে।

আজানের পূর্বে মোনাজাতও হয় প্রতিদিন। মালিক-কর্মচারীর একসাথে ইফতার গ্রহণের অপূর্ব দৃশ্যটি দেখলে রোজার মহান শিক্ষা সংযমের কথা যে কারও মনে পড়ে সহসায়। এ দৃশ্য শুধু এই মার্কেটেই নয়, সিলেট নগরীর প্রায় সব ক’টি মার্কেট ঘুরলে চোখে পড়বে।

নিবরাসের পরিচালক মাওলানা আবু সালেহ আরিফ বলেন, সারাবছর আমরা বাসা কিংবা রেস্টুরেন্টে খাবার গ্রহণ করে থাকি। রমজান মাস আল্লাহ তায়ালার তরফ থেকে একটি নেয়ামত। যার দরুণ দোকানের সবাই মিলে একসাথে ইফতার গ্রহণ করে মনে আনন্দ পাই।

শেয়ার করুন