৯ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : শেষ দুই বলে দুই ছক্কা হাকিয়ে নিজেদের জয়ের হ্যাটট্রিক পূর্ণ করলো গুজরাট। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে মায়াঙ্ক আগারওয়াল ও জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে বিপদে পড়ে কিংস ইলেভেন পাঞ্জাব। দুই টপ অর্ডারকে সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া ও গতি দানব লুকি ফার্গুসন। ক্রিজে দাঁড়িয়ে থেকে অবশ্য দলের হাল ধরেন ওপেনার শিখর ধাওয়ান। তাকে সঙ্গ দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ইনিংসের ১১তম ওভারে বল করতে এসে আফগান স্পিনার রশিদ খান ধাওয়ানকে ফেরালে ভাঙে দুজনের ৫২ রানের জুটি। ভারতীয় ওপেনার ফিরে যান ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলে।
শুক্রবার রাতে মুম্বাইয়ের ব্রাব্রোন স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে শেষ ছয় বলে ১৯ রান করে নিজেদের অবিশ্বাস্য জয় তুলে নেয় তারা।
অন্যদিকে, জিতেশ শর্মাকে সঙ্গে নিয়ে নিজের কাজ চালিয়ে যান লিভিংস্টোন। জিতেশও ক্রিজে নেমে বিধ্বংসী ব্যাট চালাতে থাকেন। ১১ বলে ২৩ রান করা জিতেশকে সাজঘরে ফিরিয়ে গুজরাটকে ম্যাচে ফেরান নালকান্দে। এরপর অবশ্য লিভিংস্টোনও ক্রিজে স্থায়ী হতে পারেননি। তাকে ক্যাচের শিকার বানিয়ে সাজঘরে ফেরান রশিদ খান। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাড়ায় ১৮৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ম্যাথু ওয়েডের উইকেট হারায় গুজরাট টাইটানস। ৭ বলে ৬ রান করে কাগিসো রাবাদার শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর বাকি সময়ে পাঞ্জাবের বোলারদের হতাশায় ডুবিয়েছে শুভমান গিল ও সাই সুদর্শন। দ্বিতীয় উইকেট জুটিতে দু’জনের ব্যাট থেকে আসে রেকর্ড ১০১ রানের পার্টনারশিপ। ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলে সুদর্শন রাহুল চাহারের শিকার হলেও একপ্রান্ত আগলে ধরে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান গিল তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার মন্থর ব্যাটিংয়ে বলের সঙ্গে রানের ব্যবধানটা বেড়ে যায়।
এরই মাঝে ১৯তম ওভারের পঞ্চম বলে রাবাদাকে বলে ক্যাচ তুলে দিয়ে ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন গিল। ১১ চার ও ১ ছক্কার মারে ৫৯ বলে তার ব্যাট থেকে আসে ৯৬ রান। দুই বল পরেই রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন পান্ডিয়া। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭ রান। ম্যাচ জিততে শেষ ওভারে প্রয়োজন ১৮ রান। প্রথম চার বলে আসে মাত্র ৬ রান, শেষ দুই বলে প্রয়োজন ১২ রান। অবিশ্বাস্য হলেও, তেওয়াতিয়া দুই বলে দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
পাঞ্জাবের হয়ে রাবাদা ৩৫ রান খরচায় ২ উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন রাহুল চাহার। গুজরাট টাইটানসের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রশিদ খান। নালকান্দে ২টি উইকেট শিকার করলেও ৩ ওভার বল করে খরচ করেন ৩৭ রান। অন্যদিকে বল হাতে এদিন ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শামি, ফার্গুসন ও অধিনায়ক পান্ডিয়া।