১৭ ডিসেম্বর ২০২১


জাফলংয়ে ট্রাকচাপায় দুই পর্যটকের মৃত্যু

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : পর্যটনকেন্দ্র জাফলং বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় লাশ হলেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। নিহত দুইজন হলেন- চাঁদপুর জেলার চাঁদপুর থানার জগন্নাথপুর গ্রামের রহমত উল্লাহ’র পুত্র ইউসুফ (৩০)। অপরজনের নাম সুহেল (২৮)। তবে তাঁর পিতার নাম ও এলাকার নাম জানাতে পারিনি পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাক আটক করা হলেও চালক হেল্পার পলাতক রয়েছেন।

গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন মোটরসাইকেলে করে ৬ বন্ধু চাঁদপুর থেকে জাফলং বেড়াতে আসছিলেন। আসার পথে গুচ্ছগ্রাম এলাকায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা দুইজনের মধ্যে ঘটনাস্থলেই সুহেল নামের একজন মারা যান। এসময় ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ইউসুফের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সুহেলের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। নিহত দুইজনের স্বজনরা লাশ নিতে আসছেন।

শেয়ার করুন