৯ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ৯ এপ্রিল। হাসপাতালে রোগী আর রোগী। দম ফেলার ফুরসৎ নেই সদর হাসপাতালের (বর্তমান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল) চিকিৎসক শামসুদ্দিন আহমদের। ঠিক এমন সময়েই পাক হানাদার বাহিনী হামলে পড়ে হাসপাতালেই। সেখানে নির্মমভাবে হত্যা করা হয় ডা. শামসুদ্দিন আহমদ, ডা. শ্যামলকান্তি লালা, নার্স মাহমুদুর রহমান ও অ্যাম্বুলেন্স চালক কুরবান আলীসহ আরও অনেককে। তারা দেশের জন্য জীবন বিসর্জন দেন।
আজ তাদের ৫১তম শাহাদাত বার্ষিকী। প্রতি বছরের মতো এবারও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছে ‘নাগরিক মৈত্রী’ সিলেট। সকাল ১১টায় চৌহাট্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।