১৮ জানুয়ারি ২০২২


শাবি শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা আওয়ামী লীগের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ও শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতারা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে শাবিতে যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাসহ নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে যান। এসময় তারা শিক্ষার্থীদের দাবীগুলো ধর্য্য সহকারে শোনেন। তারা শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা পোষণ করেন এবং তাদের সবগুলো দাবী পুরণে আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে দুপুর দেড়টায় নেতৃবৃন্দ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসায় গেছেন। সেখানে চলমান বিষয় নিয়ে আলাপ করবেন বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তাদের দাবীগুলো শুনে সময় চেয়েছি যাতে আলোচনা করে তাদের দাবীগুলো পুরণ করা যায়।

প্রসঙ্গত, টানা পাঁচদিনের মতো উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টরিয়াল কমিটি ও ছাত্রকল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করে ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে সরিয়ে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে আজ রাষ্ট্রপতি ও আচার্য বরাবরে চিঠি দেওয়া হবে। এ ছাড়া পরবর্তী কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিংও করা হবে আজ।

মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিয়ে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ করেন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। গত শনিবার সন্ধ্যায় ছাত্রীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। এর পর পরিস্থিতি ঘোলাটে হতে থাকে।

গত রোববার দিনভর আন্দোলনে উত্তাল ছিল শাবি। এর মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে অ্যাকশনে যায় পুলিশ। তাদের রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্ডে অর্ধশত শিক্ষার্থী আহত হন।

পুলিশের সহায়তায় মুক্ত হয়ে শাবি উপাচার্য বসেন জরুরি সিন্ডিকেট সভায়। সেখানে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আজ সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের।

কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশনা প্রত্যাখ্যান করেন। তারা কাল রাতেই বিক্ষোভ মিছিল করেন। এরপর গতকাল সোমবার সকাল থেকে ফের আন্দোলন শুরু হয় শাবিতে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলনে শাবি এখন উত্তাল। আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে কয়েক দফায় বিক্ষোভ করেছেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা একযোগে শাবির বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হল, প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী (দ্বিতীয় ছাত্রী হল) হলে তালা লাগিয়ে দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহপরান হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শাবিপ্রবি প্রশাসনের কাউকেই হলে ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে, শাবি শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে কমিটির প্রধান করা হয়েছে। শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববারের ঘটনা খতিয়ে দেখতে এই কমিটি করা হয়েছে। দ্রুত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

সোমবার বিকালে শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিনের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তখন পুলিশ তাদের বাধা প্রদান করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা রাতেও আন্দোলন অব্যাহত রাখেন। রাত ২টার দিকে দেওয়া হয় বিরতি। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে আন্দোলন।

অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সৃষ্ট বিক্ষোভ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন।

শেয়ার করুন