৩ এপ্রিল ২০২২


বিএনপি নেতাকে ‘জুতাপেটা’ করলেন সাবেক চেয়ারম্যান!

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিগত ২০১৯ সালে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে জুতাপেটা করার পর এবার দলটির বর্তমান সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।

ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে দিক বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজারের কলেজ রোডস্থ থানা মসজিদের সামনে। ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে লিলু মিয়া ও সুহেল চৌধুরী বলয়ের নেতাকর্মীদের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ভিডিও ক্লিপগুলো এসেছে এই প্রতিবদকের হাতেও। ওই ভিডিও ক্লিপসের একটিতে দেখা যায়, ‘তার উপজেলা বিএনপির সেক্রেটারী আমি বানাইছি। আমি নেতা বানাইছি। তারে কে চিনতো। তুই আমার লগে বিরোধিতা করোস। তুই মনে করোস জানাইয়ার (স্থানীয় গ্রাম) পুয়াইনতে তরে বাঁচাইলিবা।’- এসব বলে ঘটনাস্থলে উপস্থিত একজনকে ভিডিও করার নির্দেশ দিয়ে জুতা দিয়ে লিলু মিয়াকে পেটাচ্ছেন সুহেল আহমদ চৌধুরী।

এর আগে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৬ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনকে বিশ্বনাথ থানার বিপরীতে একটি মার্কেটের ২য় তলায় ডেকে নিয়ে জুতাপেটা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদর সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে কল দিলে তিনি রিসিভ করেননি।

তবে, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার সহযোদ্ধা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া গতকাল রাত ৯টার দিকে বিশ্বনাথ থানা মসজিদের সামনে সুহেল চৌধুরী নামের ডাকাতের হাতে লাঞ্চিত হয়েছেন। তিনি আমাদের দলের কেউ নয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ‘ওইদিন রাতে জনৈক হেলপারের সাথে ভাড়া নিয়ে তিনি বাকবিতন্ডায় জড়ান লিলু মিয়া। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাস মালিক সমিতির সভাপতি হিসেবে আমি তাকে নিভৃত করার চেষ্টা করি। এতে তিনি অপমানিত বোধ করে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ তুলছেন। যা আদো সত্য নয়।’

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন